সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি এক তরুণ নিহত ও আরেকজন আহত হয়েছেন। গতকাল শনিবার বিকেলে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিহত বাবুল হোসেন (২০) উৎমা গ্রামের আমির হোসেনের ছেলে।
বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ ইউসুফ জামিল বলেন, উৎমা সীমান্ত দিয়ে দুজন বাংলাদেশি অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে সে দেশের নাগরিকরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে বাবুল হোসেন নিহত ও কয়েছ মিয়া আহত হন। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে অবৈধ চোরাচালান, অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল অব্যাহত রয়েছে। অবৈধভাবে চলাফেরা না করতেও সবার প্রতি অনুরোধ জানান এই বিজিবি কর্মকর্তা।