তিস্তার পানি বিপদসীমার ওপরে, বিশেষ সতর্কতা

লালমনিরহাটে হু-হু করে বাড়ছে তিস্তার পানি। রবিবার রাত নয়টা থেকে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদসীমার ৫৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারনে পানি উন্নয়ন বোর্ড বিকেল থেকে ব্যারাজের আশপাশের এলাকায় মাইকিং করে লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হচ্ছে। রাতেও সেখানে মাইকিং করা হচ্ছে।

এদিকে নদীর পানি বাড়তে থাকায় ব্যারাজের ফ্লাড বাইপাস এলাকায় অবস্থান করছেন ডালিয়া পানি  উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলামসহ সংশ্লিষ্টরা। ব্যারাজ দিয়ে পানির চাপ কমাতে যেকোনো সময়ে ফ্লাডবাইপাস কেটে দেওয়া হতে পারে বা পানির চাপে সেটি ভেঙে যেতে পারে বলে জানিয়েছেন তিনি। বর্তমানে ফ্লাড বাইপাস ছুঁইছুঁই করছে তিস্তার পানি।

এ দিকে ব্যারাজ এলাকায় পানি বৃদ্ধির সাথে সাথে জেলার ৫ উপজেলার তিস্তা তীরবর্তি জনপদেও পানি বেড়েই চলেছে।