বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে বিক্রম দোরাইস্বামীকে নিয়োগ দিয়েছে ভারত। তিনি রীভা গাঙ্গুলি দাশের স্থলাভিষিক্ত হবেন। ভারতীয় ইংরেজি দৈনিক হিন্দুস্তান টাইমস গতকাল রবিবার এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে।
দোরাইস্বামী ভারতীয় পররাষ্ট্র ক্যাডারের ১৯৯২ ব্যাচের কর্মকর্তা। তিনি এতদিন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা ও সম্মেলন বিষয়ক দপ্তরের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। অতিরিক্ত সচিব পদে যোগ দেওয়ার আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ-মিয়ানমার (বিএম) বিভাগের যুগ্ম সচিব হিসেবে কাজ করেছেন তিনি। এরও আগে দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তানে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বিক্রম দোরাইস্বামী।
ঢাকায় ভারতের বর্তমান হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন বিক্রম। রীভা ২০১৯ সালের জানুয়ারিতে ঢাকায় ভারতের ১৫তম হাইকমিশনার হিসেবে যোগ দেন। ১৯৮৬ ব্যাচের আইএফএস কর্মকর্তা রীভা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) হিসেবে যোগ দিতে পারেন। পদটিতে বর্তমানে দায়িত্ব পালনরত বিজয় ঠাকুর সিং সেপ্টেম্বরে অবসরে যাচ্ছেন।