শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোসহ চার দফা দাবি

জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, স্বাস্থ্য খাতের ‘লুটপাট’ বন্ধ, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে গাইবান্ধা প্রগতিশীল ছাত্র জোট জেলা শাখার উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা শাখার সাধারণ স¤পাদক ওয়ারেছ সরকার প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবছর জাতীয় বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বাড়াতে হবে। স্বাস্থ্য খাতে ‘লুটপাটের’ কারণে সারা দেশে মানুষ কাক্সিক্ষত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। এজন্য রাষ্ট্রীয়ভাবে সব নাগরিকের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সরকার মানুষের কথা বলার স্বাধীনতা হরণ করেছে। তাই আইনটি বাতিল করতে হবে। এ ছাড়া মানববন্ধন থেকে গাইবান্ধায় খুব দ্রুত একটি পিসিআর ল্যাব স্থাপনসহ শ্রমিক ছাঁটাই বন্ধ, শিক্ষার্থীদের চলতি বছরের বেতন-ফি মওকুফ এবং রাষ্ট্রীয় সব পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয় ।