পাবনায় বন্দুকযুদ্ধকে ‘নাটক’ দাবি করে মানববন্ধন

পাবনায় আটককৃত সাবেক ছাত্রলীগ নেতাকে ‘থানায় হত্যার পর বন্দুকযুদ্ধের নাটক’ সাজানোর অভিযোগ তুলে পুলিশের বিচার দাবিতে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী। গতকাল রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের রামচন্দ্রপুরে ঢাকা-পাবনা মহাসড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। স্থানীয়দের পাশাপাশি জেলা আওয়ামী লীগের নেতারাও মানববন্ধনে অংশ নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।

গত মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সদর উপজেলার চর শিবরামপুর এলাকায় ‘তানজীব নামে এক সন্ত্রাসী নিহত’ হওয়ার সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় পুলিশ। পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, পুলিশি অভিযানের সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ায় আত্মরক্ষায় পুলিশও গুলি ছুড়লে বন্দুকযুদ্ধে তানজীবের মৃত্যু হয়। এ বক্তব্যকে অসত্য দাবি করে পরিবারের অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় তানজীবকে তার পাঁচ বন্ধুর সঙ্গে আটকের পর থানায় নিয়ে নির্মম নির্যাতনে হত্যা করা হয়। পুলিশের বিরুদ্ধে অর্থের বিনিময়ে কন্ট্রাক্ট কিলিংয়ের অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্তও দাবি করেছেন তারা।