গচ্চা ৬০ লাখ টাকা

সিদ্ধিরগঞ্জে সোলার চার্জিং স্টেশন বন্ধ ২ বছর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ২০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন সোলার চার্জিং স্টেশনটি উদ্বোধনের পর থেকেই বন্ধ রয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাটারিচালিত অটোরিকশার ব্যাটারি চার্জের জন্য এই সোলার প্যানেলটি নির্মাণ করতে সরকারের ব্যয় হয় ৬০ লাখ টাকা। ২০১৮ সালের ২৮ জুন উদ্বোধনের পর মাত্র এক সপ্তাহ চালু থাকার পর বন্ধ হয়ে যায় স্টেশনটি। এরপর থেকে গতকাল বুধবার পর্যন্ত এটি বন্ধ রয়েছে। এতে সরকারের ৬০ লাখ টাকা গচ্চা গেছে বলে স্থানীয়রা মনে করছেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় সহস্রাধিক ব্যাটারিচালিত অটোরিকশা রয়েছে। এসব যানবাহনের ব্যাটারি চার্জে দৈনিক বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। সোলার চার্জিং স্টেশন প্রকল্পের দায়িত্বে থাকা নির্বাহী প্রকৌশলী আশিক রহমান বলেন, চার্জিং স্টেশনটি চালানোর জন্য একজন ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়। কয়েক দিন চালানোর পর ওই ঠিকাদার চালানোর অপারগতা প্রকাশ করলে চার্জিং স্টেশনটির মাধ্যমে অটোরিকশা চার্জ বন্ধ রাখা হয়।