হবিগঞ্জে ডিজিটাল আইনের মামলায় গ্রেপ্তার তিন সাংবাদিকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় কারারুদ্ধ ‘দৈনিক আমার হবিগঞ্জ’র তিন সাংবাদিক জামিন পেয়েছেন।

হবিগঞ্জের সিনিয়র দায়রা জজ আমজাদ হোসেন সোমবার সকালে জামিন আবেদন মঞ্জর করেন।

জামিন প্রাপ্তরা হলেন- পত্রিকাটির নির্বাহী সম্পাদক নুরুজ্জামান মানিক, বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, ও প্রধান প্রতিবেদক তারেক হাবিব।

হবিগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফ জামিনের তথ্যটি নিশ্চিত করেছেন।

গত ২৮ জুন ওই তিন সাংবাদিক হবিগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন। ওই দিন তাদেরকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। কোর্টের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুল ইসলাম তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

এর আগে হাইকোর্ট থেকে জামিন পান পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক, আমার এমপি ডটকমের প্রতিষ্ঠাতা সুশান্ত দাশ গুপ্ত।

হবিগঞ্জ ৩ আসনের সাংসদ আবু জাহিরের বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জে একাধিক সংবাদ প্রকাশ হয়। গত ২০ মে গভীর রাতে হবিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির বাদী হয়ে হবিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে পত্রিকাটির সম্পাদক, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক ও প্রধান প্রতিবেদকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

মামলার বাদী সায়েদুজ্জামান জাহিরের দাবি, সাংসদ আবু জাহিরের বিরুদ্ধে দৈনিক আমার হবিগঞ্জ অসত্য সংবাদ প্রকাশ ও ফেইসবুকে আপলোড করেছে। সাংসদ জাহির হবিগঞ্জ প্রেস ক্লাবের আজীবন সদস্য। তাই তিনি সংক্ষুব্দ হয়ে মামলাটি করেছেন।

গত ২১ মে ভোরে পত্রিকার অফিস থেকে  সম্পাদক সুশান্ত দাশ গুপ্তকে গ্রেপ্তার করে পুলিশ।

সাংসদের পক্ষ নিয়ে সাংবাদিকের বিরুদ্ধে সাংবাদিক মামলা ও গ্রেপ্তারের ঘটনাটি দেশ বিদেশে বিভিন্ন গণমাধ্যমে তা প্রচার হয়। সাংবাদিকসহ বিভিন্ন মহলে দেখা দেয় ক্ষোভ।

সম্প্রতি হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পান সম্পাদক সুশান্ত। এদিকে পালিয়ে থাকা তিন সাংবাদিক করোনার কারণে আদালতে হাজির হতে না পেরে হবিগঞ্জ থানায় আত্মসমর্পণ করেন গত ২৮ জুন।

রবিবার বাদী পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ, জেলা বারের সাধারণ সম্পাদক রুহুল হাসান শরীফসহ আওয়ামী আইনজীবী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।

বিবাদী পক্ষে ছিলেন আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারি নোমান, অ্যাডভোকেট শিবলী খায়ের প্রমুখ।