সাহেদকে গ্রেপ্তারে পরোয়ানা, খোঁজে শ্রীমঙ্গলে অভিযান

করোনা পরীক্ষার ভুয়া সনদসহ বহুমাত্রিক জালিয়াতিতে আলোচিত রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। গতকাল সোমবার অর্থ আত্মসাতের আলাদা দুটি মামলায় এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মাঈনুল ইসলাম। এদিকে রিজেন্ট চেয়ারম্যান সাহেদকে ধরতে গতকাল সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান ও গভীর জঙ্গলে অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। এ ছাড়া তিনি মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন সন্দেহে কমলগঞ্জের শমশেরনগরে গতকাল বিকেল থেকে আকস্মিক পুলিশি তৎপরতা শুরু হয়।

সংশ্লিষ্ট আদালত থেকে পাওয়া তথ্যমতে, সাইফুল্লাহ মাসুদ নামে এক ব্যবসায়ী ঢাকার সিএমএম আদালতে হাজির হয়ে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আলাদা দুটি মামলা করেন। এর মধ্যে একটি মামলায় ১ কোটি টাকা এবং অপর মামলায় ২ কোটি ৫৮ লাখ ৩০ হাজার ৫৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়। বিচারক মামলার বাদীর জবানবন্দি নথিভুক্ত এবং মামলা দুটি আমলে নিয়ে সাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। রাজধানীর উত্তরা পশ্চিম থানার ওসিকে এই গ্রেপ্তারি পরোয়ানা তামিলের নির্দেশ দিয়েছে আদালত। মামলার বাদী সাইফুল্লাহ মাসুদ ইট, বালু, পাথরের ব্যবসাপ্রতিষ্ঠান মাসুদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী।

সাহেদকে ধরতে শ্রীমঙ্গলের গভীর জঙ্গলে অভিযান : রিজেন্ট চেয়ারম্যান সাহেদকে ধরতে গতকাল সোমবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের বিভিন্ন চা-বাগান ও গভীর জঙ্গলে অভিযান চালায় র‌্যাব ও পুলিশ। গতকাল বিকেল ৫টা থেকে ওই অভিযান শুরু হয়ে রাতভর চলে। সেখানকার হোসনাবাদ এলাকার লেমন গার্ডেন ও রাধানগর এলাকার কোনো একটি রিসোর্টে সাহেদ অবস্থান করছেন অনুমান করে ওই অভিযান চালানো হয় বলে জানান শ্রীমঙ্গল থানার ওসি আবদুস সালেহ।

তিনি গতকাল সন্ধ্যার পর দেশ রূপান্তরকে বলেন, ‘এসব এলাকায় বিভিন্ন রিসোর্ট রয়েছে। এর একটিতে সাহেদ অবস্থান করছেন বলে আমাদের কাছে খবর রয়েছে।’

কমলগঞ্জের শমশেরনগরে পুলিশি তৎপরতা : সাহেদ করিম মৌলভীবাজারের চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে পারেন সন্দেহে কমলগঞ্জের শমশেরনগরে গতকাল বিকেল ৫টা থেকে আকস্মিক পুলিশি তৎপরতা শুরু হয়। শমশেরনগর চৌমুহনা থেকে ভারতের ত্রিপুরাগামী সড়কের মুখে শমশেরনগর পুলিশ ফাঁড়ির সদস্যরা যানবাহন তল্লাশি শুরু করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এক কর্মকর্তা বলেন, মৌলভীবাজার জেলা পুলিশ থেকে তাদের জানানো হয় যে সাহেদ ওই পথে কুলাউড়ার শরীফপুর সীমান্তপথে ভারতের ত্রিপুরা পালিয়ে যেতে পারেন। তাই সতর্কতাস্বরূপ পুলিশ সদস্যরা যানবাহন তল্লাশি শুরু করেন।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরূপ কুমার চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা গেছে সাহেদ চাতলাপুর সীমান্ত দিয়ে ভারতের ত্রিপুরা প্রবেশ করতে পারেন। তাই তাকে ধরার জন্য সতর্কতামূলকভাবে শমশেরনগরে তদারকি চলছে।’ গতকাল সন্ধ্যা ৭টা পর্যন্ত পুলিশ সদস্যদের শমশেরনগর চৌমুহনায় দায়িত্ব পালন করতে দেখা গেছে।

করোনা পরীক্ষার সনদ জালিয়াতির অভিযোগ পেয়ে উত্তরায় রিজেন্ট হাসপাতালে পাঁচ দিন আগে র‌্যাবের অভিযানের পর থেকে সাহেদকে খোঁজা হচ্ছে বলে আইনশৃঙ্খলা বাহিনীগুলো জানিয়েছে। তাকে এখনো আটক করতে না পারার প্রেক্ষাপটে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গত রবিবার বলেন, আত্মসমর্পণ না করলে সাহেদকে ‘ধরে ফেলবে’ পুলিশ।

করোনার ভুয়া সনদ দেওয়াসহ বিভিন্ন অভিযোগে গত সোমবার সাহেদের দুটি হাসপাতালে অভিযান চালিয়ে সিলগালা করে বন্ধের পর মঙ্গলবার সাহেদসহ রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‌্যাব। ওই মামলায় প্রথমে ৭ এবং পরে সাহেদের সহযোগী তারেক শিবলীকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়। কিন্তু অভিযানের ৮ দিন পেরিয়ে গেলেও এখনো সাহেদকে ‘খুঁজে পায়নি’ আইন প্রয়োগকারী সংস্থা।