দুই উপনির্বাচনে নৌকার জয়

যশোরে শাহীন চাকলাদার, বগুড়ায় সাহাদারা মান্নান জয়ী

করোনাভাইরাস প্রাদুর্ভাব ও বন্যার মধ্যেই অনুষ্ঠিত যশোর-৬ ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এরপর রাতে ঘোষণা করা হয় দুই আসনের বেসরকারি ফলাফল।

যশোর-৬ আসনের আওয়ামী লীগের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার ১ লাখ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান নৌকা প্রতীকে ১ লাখ ৪৫ হাজার ৯৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

যশোর-১ আসনের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, বিএনপি ভোট বর্জন করলেও ধানের শীষ প্রতীক ২ হাজার ১২ ভোট ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক ১ হাজার ৬৭৮ ভোট পেয়েছে।

করোনাভাইরাসের কারণে ২৯ মার্চের নির্বাচন স্থগিত হওয়ার পর গত ৪ জুলাই নির্বাচন কমিশন ১৪ জুলাই নির্বাচনের দিন নির্ধারণ করে। বৈশি^ক মহামারী করোনাভাইরাসের কারণে  বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক এ আসনের নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে ভোট বর্জনের ঘোষণা দেয়। 

রিটার্নিং কর্মকর্তা জেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, এই আসনে মোট ভোটার ২ লাখ ৩ হাজার ১৮। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১ লাখ ২৯ হাজার ৬৭ জন।

যশোর-৬ আসনের এমপি ইসমাত আরা সাদেক চলতি বছরের ২১ জানুয়ারি মৃত্যুবরণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

এদিকে মঙ্গলবার রাতে রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহাবুব আলম শাহ বেসরকারি ফলাফল ঘোষণা করে জানান, বগুড়া-১ আসনে সাহাদারা মান্নান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ ট্রাক প্রতীকে পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট। জাতীয় পার্টির প্রার্থী মোকছেদুল আলম লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৯৬৯।

গত ১৮ জানুয়ারি আওয়ামী লীগ সংসদ সদস্য আব্দুল মান্নানের মৃত্যুতে বগুড়া-১ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয় ২৮ মার্চ। করোনা প্রাদুর্ভাবের কারণে ভোটগ্রহণ স্থগিত করে ১৪ জুলাই পুনরায় তারিখ ঘোষণা করা হয়।