পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, শারীরিক-মানসিক সুস্থতা ও সুরক্ষা নিশ্চিত করে জনগণকে মানসম্মত সেবা প্রদানের ধারাবাহিকতা অটুট রাখতে পুলিশ সদস্যদের জন্য মানসম্মত একটি চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী এক কর্মশালার প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, জননিরাপত্তা বিধান এবং জনশৃঙ্খলা রক্ষাসহ দেশের যেকোনো প্রয়োজন ও সংকটে অহর্নিশ দায়িত্ব পালন করতে হয় পুলিশ সদস্যদের। পেশাগত বৈচিত্র্যের কারণে অত্যন্ত ঝুঁকি নিয়ে এবং মানসিক চাপের মধ্যে দায়িত্ব পালন করার ফলে পুলিশের অনেক সদস্য নানা দুর্ঘটনার শিকার হন এবং নানা ধরনের অসুস্থতায় ভোগেন। এতে করে একদিকে অসুস্থ সদস্যদের নিজেদের কষ্ট যেমন বেড়ে যায়, অপরদিকে তাদের জন্য জনগণকে মানসম্মত সেবা প্রদান কঠিন হয়ে পড়ে।
বেনজীর আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশ পুলিশের মেডিকেল সার্ভিসেস গঠন এবং বর্তমান চিকিৎসাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে কাজ চলছে। তিনি বলেন, করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসায় চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীসহ সবাই যেভাবে দায়িত্ব পালন করেছেন, অভূতপূর্ব সেবা দিয়েছেন সেজন্য পুলিশপ্রধান হিসেবে আমি অত্যন্ত গর্বিত। আপনাদের সম্মিলিত প্রচেষ্টায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন, বর্তমানে পুলিশে করোনা আক্রান্ত হওয়ার হারও অনেক কমেছে। পুলিশপ্রধান আরও বলেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে অন্যতম সেরা হাসপাতাল হিসেবে গড়ে তুলতে চাইÑ যাতে পুলিশ সদস্যরা এখান থেকে সব ধরনের রোগের উন্নতমানের চিকিৎসাসেবা পেতে পারেন।
কর্মশালায় অতিরিক্ত আইজিপি এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পুলিশের বর্তমান চিকিৎসাব্যবস্থায় কোন কোন ক্ষেত্রে আধুনিকায়ন প্রয়োজন, শয্যা সংখ্যা, ইকুইপমেন্ট, অপারেশন থিয়েটারসহ অন্যান্য ক্ষেত্রে কী ধরনের পরিবর্তন এবং উন্নয়ন দরকার তা জানার লক্ষ্যে পুলিশ হাসপাতালের চিকিৎসক, নার্স, ফার্মাসিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট, প্যাথলজিস্ট, মেডিকেল অ্যাটেনডেন্ট, সমাজসেবা কর্মকর্তাদের নিয়ে এ কর্মশালা।