করোনা সন্দেহে বাবাকে রাস্তায় ফেলে গেল ছেলে

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে অসুস্থ বৃদ্ধ বাবাকে রাতের অন্ধকারে রাস্তায় ফেলে গেছে এক ছেলে। সিরাজগঞ্জের উল্লাপাড়ার কয়ড়া ইউনিয়নের মানিকদহ গ্রামের সোবাহান আলীকে (৭৫) করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে গত সোমবার রাতে পৌর সদরের বাসটার্মিনাল এলাকার একটি নির্জন স্থানে ফেলে রেখে যান ছেলে নজরুল ইসলাম। নজরুল ইসলাম সোবাহান আলীর একমাত্র ছেলে। খবর পেয়ে উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার দাস রাত সাড়ে ১২টার দিকে তাকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রাস্তায় ফেলে যাওয়া সোবাহান আলীকে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। করোনাভাইরাস আক্রান্ত কি না তা পরীক্ষার জন্য গতকাল মঙ্গলবার সকালে তার নমুনা সংগ্রহ করা হয়।

উল্লাপাড়া মডেল থানার এসআই নূরে আলম সিদ্দিকী দেশ রূপান্তরকে বলেন, ‘বৃদ্ধ সোবাহান আলীকে উদ্ধারের সময় সেখানে আমিও উপস্থিত ছিলাম। ওই বৃদ্ধের তীব্র শ্বাসকষ্ট থাকায় তার করোনা হয়েছে এমন সন্দেহে তার একমাত্র ছেলে তাকে ওই স্থানে ফেলে রেখে পালিয়ে যায়। সময়মতো উদ্ধার করা না হলে হয়তো তাকে রাতের আঁধারে শিয়াল-কুকুরে খেয়ে ফেলত।’

তিনি আরও বলেন, ‘সন্তান হয়ে কীভাবে অসুস্থ বাবাকে এমনভাবে ফেলে রেখে গেল। এটা অত্যন্ত অমানবিক, বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনা।’