পটুয়াখালীর কুয়াকাটায় ‘প্রভাবশালী মহলের হাত থেকে’ খাল পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। গতকাল মঙ্গলবার দুপুরে স্থানীয় কচ্ছপখালী খালের বাঁধের ওপর এ কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে পৌর শহরের নবীনপুর ও কচ্ছপখালী এলাকার প্রায় তিন শতাধিক কৃষক পরিবারের সদস্যরা অংশ নেন। এতে বক্তব্য রাখেন কুয়াকাটা মৎস্য আড়ত মালিক সমিতির সাবেক সভাপতি বশির হাওলাদার, কৃষক শাহজাহান মৃধা, নুর ইসলাম গাজীসহ অনেকে।
বক্তারা বলেন, ‘১২ কিলোমিটর দীর্ঘ কচ্ছপখালী খাল স্থানীয় নবীনপুর ও কচ্ছপখালী এলাকার মাঝখান দিয়ে বয়ে গেছে। খালটি দিয়ে কয়েক হাজার একর জমির পানি নিষ্কাশনসহ শুকনো মৌসুমে জমিতে মিষ্টি পানির সরবারহ করেন চাষিরা। কিন্তু একটি প্রভাবশালী মহল সরকারি এ খালে বাঁধ নির্মাণ করে মাছ চাষ করে আসছে। ফলে চলতি বর্ষা মৌসুমে ফসলি জমিসহ ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে।’ এ সময় বক্তারা অবিলম্বে খালটি পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন।