নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন

৫০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীন

দেশের বিভিন্ন স্থানে নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র গড়তে চীনের সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ। গতকাল মঙ্গলবার নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির (এনডব্লিউপিজিসিএল) সভাকক্ষে চুক্তি স্বাক্ষর হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়। এতে পাঁচ হাজার কোটির বেশি টাকা বিনিয়োগ করবে চীন।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এনডব্লিউপিজিসিএল এবং চীনা কোম্পানি চায়না ন্যাশনাল মেশিনারি ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট করপোরেশন (সিএমসি) ‘বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রাইভেট) লিমিটেড (রিনিউয়েবল)’ নামে একটি যৌথ মূলধনী কোম্পানি (জেভিসি) গঠন করেছে। এনডব্লিউপিজিসিএল ও সিএমসির যৌথ মালিকানায় নবায়নযোগ্য জ্বালানির বিদ্যুৎকেন্দ্র নির্মাণে নতুন এই কোম্পানি গঠনের চুক্তি হলো। নতুন এই কোম্পানি সৌর ও বায়ুসহ নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক ৫০০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎকেন্দ্র গড়ে তুলবে দেশের বিভিন্ন স্থানে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস ও চীনের রাষ্ট্রদূত লি জিমিং ভিডিও কনফারেন্সের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।