চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের বোমাবাজিতে সাইফুদ্দীন ওরফে সাফু (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ৯টার দিকে পৌরসভার মরদানা এলাকায় এ ঘটনা ঘটে। সাইফুদ্দীন মরদানা আইয়ুব বাজার এলাকার ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মরদানা এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর খাইরুল ইসলাম জেম এবং সাবেক পৌর কাউন্সিলর আবদুস সালামের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে মঙ্গলবার রাতে মোটরসাইকেলে এসে মরদানা আইয়ুব বাজার এলাকায় দুর্বৃত্তরা ৫-৬টি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। তাদের প্রতিরোধ করলে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এতে বোমার আঘাতে আবদুস সালামের অনুসারী সাইফুদ্দীন গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
আবদুস সালামের দাবি, ‘জেমের লোকজন রাতে এসে বর্বরোচিত হামলা চালিয়ে সাইফুদ্দীনকে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’ তবে অভিযোগ অস্বীকার করে খাইরুল ইসলাম জেম বলেন, ‘আইয়ুব বাজারে গরুর ঘাস খাওয়ানো নিয়ে স্থানীয় মমিন ও কেরামতের অনুসারীদের মধ্যে সংঘর্ষে সাইফুদ্দীনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় আমি কিংবা আমার কেউ সম্পৃক্ত নয়।’
শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) মাহবুব আলম জানান, নিহতের ভাই মুকুল হোসেন থানায় খাইরুল ইসলাম জেমসহ ৩৪ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন। আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।