প্রথমবারের মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে ঢাকা ও আশপাশের জেলাগুলোতে যাওয়া পশুবাহী ট্রাক ভিআইপি সুবিধা পাবে।
দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আগত ট্রাকগুলোকে ঘাট এলাকায় অপেক্ষা করতে হবে না। সরাসরি ফেরিতে উঠে যাবে। ঘাটের দালালরা পশুবাহী ট্রাকে চাঁদবাজির চেষ্টা করলেও তা কঠোরভাবে দমন করা হবে।
রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বুধবার একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানিয়েছেন।
দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা ও পাশ্বর্তী জেলাগুলোর যোগাযোগের অন্যতম দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট। প্রতি ২৪ ঘণ্টায় এই রুটে গড়ে ছোট-বড় আট হাজার যানবাহন পারাপার হয়ে থাকে। ঈদের সময় যানবাহনের সংখ্যা আরও বৃদ্ধি পায়।
বিশেষ করে কোরবানীর (ঈদুল আজহা) সময় দক্ষিণাঞ্চলের ২১ জেলার বিভিন্ন স্থান থেকে বিপুল সংখ্যক গরু ঢাকায় বিক্রির জন্য নিয়ে যান খামারি ও বেপারীরা।
ফলে নিয়মিত বাস-ট্রাক ও অন্যান্য যানবাহনের সঙ্গে গরু বোঝাই ট্রাকের লম্বা লাইন তৈরি হয় ঘাট এলাকায়। প্রতি বছর ঈদের আগের এক সপ্তাহ, দশ দিন আগে থেকেই পুলিশ প্রশাসন ঘাট এলাকায় অতিরিক্ত জনবল পদায়ন করে রাতদিন দায়িত্ব পালন করে থাকে।
এবছরও একই ভাবে বিগত সময়ের মত প্রশাসনের নজর রয়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটের প্রতি। ঈদের আগে কোরবানীর পশুবাহী ট্রাক পারাপারের প্রস্তুতি নিচ্ছে প্রশাসন।
তারই ধারাবাহিকতায় দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজ দালালদের প্রতি কঠোর হুঁশিয়ারী দিয়েছেন রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান।
সেখানে তিনি বলেছেন, ঈদ উল আজহা উপলক্ষে দৌলতদিয়া ঘাটে আবারও ভিআইপি প্রথার প্রবর্তন করা হবে। তবে সেটা কোনো এসি বাসের জন্য নয়। শুধুমাত্র পশুবাহী ট্রাকের জন্য। ওই সকল গাড়ীগুলো সরাসরি ফেরিতে উঠে পড়বে। সুতরাং দালালরা সাবধান।
ঘাট সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, প্রতিবছর কোরবানির ঈদের আগে পশুবাহী ট্রাক ফেরি পার হয়ে ঢাকা ও পার্শ্ববর্তী জেলাগুলো যাওয়ার সময় দৌলতদিয়া ফেরি ঘাট থেকে চাঁদা আদায় করা হতো। বিষয়টি পুলিশ সুপারের দৃষ্টিগোচর হওয়ায় তিনি আগে থেকেই চাঁদাবাজি বন্ধে চাঁদাবাজদের কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন।
সুত্র আরও জানায়, ঘাট সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কতিপয় কর্মকর্তাদের যোগসাজশে ঈদের আগে দৌলতদিয়া ঘাটে ভিআইপি সুবিধা পায় বিলাস বহুল এসি বাস ও হাতে গোনা কিছু পণ্যবাহী ট্রাক। এসব এসি বাস ও ট্রাকের ভিআইপি পারাপার বন্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন।
এ বিষয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দৌলতদিয়া ঘাটে পশুবাহী ট্রাকে চাঁদাবাজি বন্ধে ট্রাফিক পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। ঘাট সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আগামী সপ্তাহে বৈঠক করে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হবে।