ক’দিন আগেই বিয়ে করেছেন জাতীয় দলের অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। তবে করোনাভাইরাসের কারণে হানিমুনে যাওয়া হয়ে উঠেনি। ২৪ বছর বয়সী ক্রিকেটারের ইচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে হানিমুনে যাওয়ার। সে ক্ষেত্রে এই তারকার পছন্দ ইন্দোনেশিয়া।
বৃহস্পতিবার রাতে ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’-এ লাইভ আড্ডায় যুক্ত ছিলেন মোসাদ্দেক। সেখানেই ‘স্লগ ওভার’ পর্বে তিনি হানিমুন নিয়ে করা প্রশ্নের উত্তর দেন।
মোসাদ্দেকের কাছে সঞ্চালক সাংবাদিক নোমান মোহাম্মদের প্রশ্নটি ছিল এমন, ‘মাত্রই বিয়ে করেছেন। করোনার কারণে হানিমুন স্থগিত। হানিমুনে কোথায় যাবেন?’
উত্তরে মোসাদ্দেক বলেন, ‘সবকিছু ঠিকঠাক থাকলে ইচ্ছে আছে ইন্দোনেশিয়াতে যাওয়ার।’
স্লগ ওভার পর্বেই মোসাদ্দেকের কাছে আরেকটি প্রশ্ন ছিল এরকম, ‘আপনার স্ত্রী আপনাকে অনুমতি দিলেন, বলিউড-হলিউডের যে কোনো একজন নায়িকার সাথে ডিনারে যেতে পারবেন। আপনি কার সঙ্গে ডিনারে যেতে চান?’
উপস্থাপকের প্রশ্ন শেষ না হতেই মোসাদ্দেক বলেন, ‘দেবে না। আগেই না করে দিয়েছে।’
প্রথম স্ত্রীর সঙ্গে সংসার বেশি দিন টিকেনি মোসাদ্দেকের। ২০১২ সালে খালাতো বোন সামিয়া শারমিনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন। অনেক টানাপোড়েনের পর ২০১৮ সালের শেষ দিকে ছাড়াছাড়ি হয় তাদের।
এরপর বেশি দিন একা থাকেননি মোসাদ্দেক। কদিন আগেই দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি শেয়ার করে নতুন জীবনের জন্য দোয়াও চেয়েছেন।