স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, করোনাভাইরাস মহামারীর মধ্যে আসন্ন ঈদুল আজহার ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মতো পোশাকশ্রমিকরাও কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে তাদের জন্যও ঈদের ছুটি থাকছে তিন দিন। গতকাল দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ঈদুল আজহা উপলক্ষে পোশাক শিল্প খাতে শ্রমিকদের বেতন, বোনাস ও ছুটি প্রদানসহ শিল্প এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদের ছুটি তিন দিনই থাকছে। ছুটিকালীন কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী কর্মস্থল ত্যাগ করতে পারবেন না। এ তিন দিন পোশাকশ্রমিকদেরও কর্মস্থলে থাকতে হবে। তিনি বলেন, পোশাকশ্রমিকদের এরই মধ্যে জুনের বেতন দেওয়া হয়ে গেছে। জুলাই মাসের বেতন-বোনাসের বিষয়ে বিজিএমইএর সঙ্গে বৈঠকে করে শ্রম মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, রবিবার প্রতিমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা রয়েছে।
গত মার্চে দেশে করোনা সংক্রমণ দেখা দেওয়ার পর সাধারণ ছুটি ঘোষণা করে মানুষকে ঘরের বাইরে বের হতে নিষেধ করে সরকার। সব ধরনের যানবাহন চলাচল বন্ধের সেই সময়ে পোশাক কারখানা খুলে দেওয়ার উদ্যোগ নেয় মালিকপক্ষ। পরে হাজার হাজার শ্রমিক হেঁটে কর্মস্থলের পথ ধরেন। সমালোচনার মুখে মালিকপক্ষ কারখানা বন্ধ রাখার ঘোষণা দিতে বাধ্য হলে ফের গ্রামের পথ ধরেন শ্রমিকরা। টানা দুই মাসের মতো দেশজুড়ে অঘোষিত লকডাউন বাস্তবায়নের পরও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে না পারায় শ্রমিকদের ওইভাবে শহরমুখী করা এবং পরে গ্রামে ফেরত পাঠানোর দায় রয়েছে বলে অনেক বিশ্লেষক মনে করেন।