নতুন করে আরও তিনটি কলেজ স্থাপনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। কলেজ তিনটি হলো রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আরশাদ আলী মেমোরিয়াল কলেজ, পটুয়াখালীর বাউফলের ইখতিয়ার উদ্দিন কলেজ এবং কুমিল্লার আদর্শ সদর এলাকার কুমিল্লা আইডিয়াল কলেজ। তবে কলেজ পরিচালনা ও প্রতিষ্ঠার সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ না রাখার শর্ত জুড়ে দেওয়া হয়েছে। ফলে এসব কলেজের শিক্ষক-কর্মচারীরা এমপিও দাবি করতে পারবেন না। কুমিল্লা, রাজশাহী ও বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সুপারিশে এসব কলেজ স্থাপনের অনুমতি দিতে সম্মতি জানানো হয়েছে।
জানা গেছে, পাঠদানের অনুমতি চাওয়ার আগেই অধ্যক্ষসহ প্রয়োজনীয় প্রশাসনিক জনবল নিয়োগ, জমি ক্রয় এবং অবকাঠামো নির্মাণ ও শিক্ষা উপকরণ তৈরির শর্তে কলেজগুলো স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে।
এ ছাড়া কলেজ ব্যক্তির নামে হলে নামকরণের জন্য জেলা শিক্ষা কর্মকর্তা ও অধ্যক্ষের যৌথ স্বাক্ষরে ১৫ লাখ টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। কলেজ পরিচালনা ও প্রতিষ্ঠার সঙ্গে সরকারের কোনো আর্থিক সংশ্লেষ থাকবে না বলেও বলা হয়েছে কলেজগুলোকে।