অ্যাসোসিয়েটেড অক্সিজেনের আইপিও অনুমোদন

পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের অনুমোদন পেয়েছে ইন্ডাস্ট্রি গ্যাস উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। অভিহিত মূল্যে শেয়ার ছেড়ে কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করার অনুমতি পেয়েছে। গতকালের কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

অ্যাসোসিয়েটেড অক্সিজেন পুঁজিবাজার থেকে ১৫ কোটি টাকা সংগ্রহ করে মজুদ ছাউনি ও নতুন প্ল্যান্ট শেড নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ব্যাংকঋণ পরিশোধ ও আইপিও খরচ খাতে ব্যবহার করবে। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেড।

১৯৯০ সালে প্রতিষ্ঠিত অ্যাসোসিয়েটেড অক্সিজেন ১৯৯২ সালের ডিসেম্বরে বাণিজ্যিক উৎপাদনে আসে। কোম্পানিটি বিভিন্ন হাসপাতাল ও শিল্পে অক্সিজেন এবং নাইট্রোজেন সরবরাহ করে। পর্যবেক্ষণে দেখা গেছে, পাঁচ বছরে কোম্পানির বিক্রি দ্বিগুণ বেড়েছে। ২০১৪-১৫ হিসাববছরে কোম্পানির বিক্রি ছিল ১৯ কোটি ৩১ লাখ টাকা, যা ২০১৮-১৯ হিসাববছরে ৪০ কোটি ১০ লাখ টাকায় উন্নীত হয়েছে। এ সময়ে কোম্পানির কর-পরবর্তী নিট মুনাফা ৫ কোটি ৯৯ লাখ টাকা থেকে ১০ কোটি ৯৪ লাখ টাকায় উন্নীত হয়েছে। ২০১৮-১৯ হিসাববছরে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হচ্ছে ২ টাকা ৩৭ পয়সা। এই কোম্পানির পরিশোধিত মূলধন ৮০ কোটি টাকা। এ সময়ে পুনর্মূল্যায়ন ব্যতীত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য হচ্ছে ১৭ টাকা ৩৭ পয়সা।