মঙ্গলবারের ট্রাক শুক্রবারও ফেরির কাছে যেতে পারেনি

পদ্মা নদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরির স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।

প্রতিকুল পরিস্থিতিতে প্রতিটি ফেরি নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে। এতে করে নদীর উভয় পাশে পারাপারের অপেক্ষায় যানবাহনের লাইন দীর্ঘ হচ্ছে। তিন থেকে চারদিন অপেক্ষার পর ফেরির দেখা পাচ্ছে চালকরা। ফলে চরম বিপাকে পড়েছে তারা। ফেরির জন্য সারা রাত তাদের সড়কেই রাত কাটাতে হচ্ছে।

শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ভয়াবহ যানজট লেগে আছে। দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দের মোড় হতে রাজবাড়ীর দিকে ৬ কিলোমিটার সড়কে নদী পারের জন্য অপেক্ষায় রয়েছে প্রায় ৫ শতাধিক পণ্যবাহী ট্রাক। অন্যদিকে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৪ কিলোমিটার পর্যন্ত প্রায় ৪ শতাধিক পণ্যবাহী ট্রাক নদী পারের জন্য অপেক্ষা করছে।

এদিকে দিনের পর দিন সড়কে ফেরির অপেক্ষায় থাকতে থাকতে চরম মানবেতর জীবন-যাপন করছে চালক ও শ্রমিকরা।

ঝিনাইদাহ থেকে আসা ট্রাক চালক সালাম শেখ বলেন, মঙ্গলবার সকালে এখানে এসেছি। আজ শুক্রবার, এখনও ফেরির ধারের কাছেও যেতে পারিনি। কবে পাব তাও জানি না।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) আবু আব্দুল্লাহ রনি বলেন, বর্তমান এই নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। কিন্তু নদীতে তীব্র স্রোতের কারণে চরম ব্যাহত হচ্ছে চলাচলে। স্বাভাবিক সময়ের থেকে দ্বিগুণ সময় লাগছে ফেরিগুলোর। তা ছাড়া মাওয়া ঘাট বন্ধ থাকায় এই নৌরুটে যানবাহনের কিছু চাপও বেড়েছে।