নামের পাশে ৩০-৩৫টি সেঞ্চুরি চান মোসাদ্দেক

দারুণ সম্ভাবনা নিয়ে প্রায় চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব হয়েছিল মোসাদ্দেক হোসেন সৈকতের। ঘরোয়া ক্রিকেটে এর আগেই নিজেদের জাত চিনিয়েছিলেন। লেট অর্ডারে ব্যাট করেন বলে জাতীয় দলে লম্বা ইনিংস খেলার সুযোগ পান খুব কমই। তবে দেশের বেশ কিছু বড় জয়ে জড়িয়ে আছে এই ডানহাতি ব্যাটারের নাম।

২৪ বছর বয়সী মোসাদ্দেক তিন ফরম্যাট মিলে এখন পর্যন্ত ৫২ ম্যাচ খেললেও নামের পাশে কোনো সেঞ্চুরি নেই। তবে ক্যারিয়ার শেষে অন্তত ৩০-৩৫টা সেঞ্চুরি দেখতে চান তিনি নিজের নামের পাশে। অবশ্য এও বলেছেন, নিজের পছন্দ মতো জায়গায় ব্যাটিং করতে পারবেন কিনা সেটা এখানে মুখ্য।

তা মোসাদ্দেকের পছন্দের ব্যাটিং পজিশন কোনটি? বৃহস্পতিবার ইউটিউব চ্যানেল ‘নটআউট নোমান’- এ এমন প্রশ্নের উত্তরে মোসাদ্দেক বলেছেন, চার নম্বর পজিশনটা তার সবচেয়ে প্রিয়।

শো-তে সেঞ্চুরি নিয়ে তার কাছে প্রশ্নটি ছিল এরকম, ‘ক্যারিয়ারে এখনো আপনার কোনো সেঞ্চুরি নেই। তবে ক্যারিয়ার শেষে নামের পাশে তিন ফরম্যাট মিলে কতটি সেঞ্চুরি চান?

মোসাদ্দেক বলেন, ‘এটা নির্ভর করছে ব্যাটিং অর্ডারের ওপর। আমার যে টার্গেট, ওই সময়ে যাদি আমি ওই পজিশনে ব্যাটিং করতে পারি এবং যতদিন পর্যন্ত আমি ক্রিকেট খেলবে, সেটা যদি আরো ১০ বছর পর্যন্ত হয়… তবে আমি অবশ্যই চাই যেন ৩০-৩৫টা সেঞ্চুরি হয়।’

নিজের ব্যাটিং উন্নতির জন্য এই তারকা ইউটিউবে বিদেশিদের মধ্যে বিরাট কোহলির ব্যাটিং দেখেন। বাংলাদেশের মধ্যে লিটন দাস, মুশফিকের ব্যাটিং দেখেন বলে জানান মোসাদ্দেক।

৩ টেস্টে ১৬৪, ৩৫ ওয়ানডেতে ৫৪৯ ও ১৪ টি-টোয়েন্টিতে ১৮৩ রান মোসাদ্দেকের নামের পাশে। টেস্টে একটি ও ওয়ানডেতে দুটি ফিফটি তার।

মোসাদ্দেকের অফব্রেক বোলিংটাও দারুণ কার্যকর। এখন পর্যন্ত ওয়ানডেতে ১৪টি ও টি-টোয়েন্টিতে পেয়েছেন ৫ উইকেট।