টিম বাস-ব্রেকফাস্ট টেবিলে কেউ আমার পাশে বসত না: এনটিনি

খেলোয়াড়ি জীবনে কীভাবে বর্ণবাদের শিকার হয়েছেন, তার বিস্তারিত তুলে ধরলেন দক্ষিণ আফ্রিকার সাবেক পেসার মাখায়া এনটিনি। শুক্রবার এই তারকা বলেছেন, কালো বলে সতীর্থরা ডিনারের জন্য কখনোই তার দরজায় টোকা দিত না। ব্রেকফাস্ট টেবিলে কেউ তার পাশে বসতো না। অবজ্ঞা করা হতো বলে টিম বাস এড়িয়ে চলতেন বলেও জানান তিনি।

শন পলক, জ্যাক ক্যালিস, মার্ক বাউচার, ল্যান্স ক্লুজনারদের মতো তারকাদের সঙ্গে খেলেছেন ৪৩ বছর বয়সী এনটিনি। বর্ণবাদের বিরুদ্ধে চলা ক্যাম্পেইন ‘ব্ল্যাক লাইভ ম্যাটারস’ এর সমর্থনে এগিয়ে এসে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।

এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের অন্যতম সেরা পেসার বলেন, ‘আমি সব সময় একাকিত্বে ভুগেছি। কেউ কখনো ডিনারে যাওয়ার জন্য আমার দরজায় টোকা দেয়নি। সতীর্থরা আমার সামনেই পরিকল্পনা করত, অথচ আমাকে বাদ দিয়ে। যখন ব্রেকফাস্ট টেবিলের দিকে এগিয়ে যেতাম, কেউই আমার পাশে এসে বসত না।’

একাকিত্ব লুকোতে টিম বাস এড়িয়ে চলতেন বলে জানান এনটিনি। বলেন, ‘আমরা একই জার্সি পরে মাঠে নামতাম। একই জাতীয় সংগীত গাইতাম। এরপরও দলের মধ্যে আমি একা ছিলাম। দলের জয় সবসময় আনন্দের। তবে হারলে সবার আগে দোষ পড়ত আমার ঘাড়ে।’

‘আমি কেন টিম বাস এড়িয়ে চলতাম, কেউ কখনো জানতে চায়নি। আসলে আমি একাকিত্বের অনুভূতি থেকে পালিয়ে বাঁচতে চাইতাম। একাকিত্বেই সঙ্গে আপোষ করে নিয়েছিলাম।’

দক্ষিণ আফ্রিকার জার্সিতে ১০১ টেস্ট, ১৭৩ ওয়ানডে ও ১০টি টি-টোয়েন্টি খেলেছেন এনটিনি। তিন ফরম্যাটে তার উইকেট যথাক্রমে ৩৯০, ২৬৬ ও ৬টি।