ব্রাহ্মণবাড়িয়ায় আসামির ছুরিকাঘাতে আমির হোসেন (৩৫) নামে পুলিশের এক এএসআই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চান্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। আমির ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ সদর উপজেলার দিয়ারচর গ্রামের মোনতাজ আলীর ছেলে।
পুলিশ জানিয়েছে, একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চান্দপুর গ্রামের মুছা মিয়ার ছেলে মামুন মিয়াকে ধরতে এএসআই মনি শঙ্করকে (৪০) নিয়ে অভিযানে যান আমির। চান্দপুর বাজার এলাকায় মামুনকে ধরতে গেলে সে ছুরি দিয়ে আমির ও মনির ওপর হামলা চালায়। গুরুতর অবস্থায় আমিরকে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবিএম মুসা জানান, হাসপাতালে আনার আগেই এএসআই আমিরের মৃত্যু হয়েছে। তার বুকের দুই পাশে আঘাতের চিহ্ন রয়েছে। ভেতরে অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই আমিরের মৃত্যু হয়েছে। মনি শঙ্কর চিকিৎসাধীন।
জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিআইও) মো. ইমতিয়াজ আহমেদ জানান, মামুনের বিরুদ্ধে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযানের সময় হামলা চালিয়ে সে পালিয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান বলেন, ‘পরোয়ানাভুক্ত আসামি মামুনকে ধরতে যাওয়ার পর হঠাৎ সে ছুরিকাঘাত করে। এতে এসএসআই আমিরের মৃত্যু হয়। মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
মাছিহাতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আল-আমিন জানান, মাদক মামলার আসামি মামুনকে ধরতে অভিযানে গেলে সে পুলিশকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।