স্পেনে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় দেশটির উত্তর-পূর্ব অঞ্চলের একটি খামারে প্রায় এক লাখ বেজি জাতীয় মিঙ্ক হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য কর্র্তৃপক্ষ। দেশটির আরাগন অঞ্চলের কৃষিবিষয়ক মন্ত্রী হোয়াকিন ওলোনার উদ্ধৃতি দিয়ে গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। বিবিসি বলছে,কিছুদিন আগে আরাগন প্রদেশের একটি মিঙ্ক খামারের এক কর্মচারীর স্ত্রীর করোনা শনাক্ত হয়। এরপর ওই নারীর স্বামীসহ খামারের আরও কয়েকজন কর্মচারীও কভিড পজিটিভ হন। এ ঘটনায় মিঙ্কগুলোকে কিছুদিন আইসোলেশনে নেওয়া হয় ও কিছুদিনের জন্য পর্যবেক্ষণে রাখা হয়। গত ১৩ জুলাই পরীক্ষার পর যখন জানা যায় যে, প্রায় ৯২ হাজার ৭০০ মিঙ্কের মধ্যে ৮৭ ভাগই করোনাভাইরাস পজিটিভ। এ ঘটনায় সব প্রাণীকে হত্যার নির্দেশ দেয় স্বাস্থ্য কর্র্তৃপক্ষ।
আরাগন অঞ্চলের কৃষিবিষয়ক মন্ত্রী হোয়াকিন ওলোনা বলেন, ‘মানুষের মধ্যে সংক্রমণের ঝুঁকি এড়ানোর জন্যই মিঙ্কগুলো হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ এর আগে নেদারল্যান্ডসের কয়েকটি খামারে কর্মীদের মধ্যে করোনার সংক্রমণ ঘটায় গত কয়েক মাসে হাজার হাজার মিঙ্ক হত্যা করা হয়। মূলত পশমের জন্য ইউরোপের কিছু দেশে বেজি জাতীয় আধা জলজ প্রাণী মিঙ্ক খামারে পালন করা হয়।