এপিএ স্বাক্ষর অনুষ্ঠানে আইজিপি

পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে

বাংলাদেশ পুলিশের রেঞ্জ ও বিশেষায়িত ৩৬টি ইউনিটের প্রধানদের সঙ্গে ২০২০-২১ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সই করেছেন মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল রবিবার দুপুরে পুলিশ সদর দপ্তরে এ চুক্তি সই হয়।

এ সময় আইজিপি বলেন, ‘এপিএ, জাতীয় শুদ্ধাচার কৌশল আধুনিক রাষ্ট্রব্যবস্থার অন্যতম অনুষঙ্গ। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় দায়বদ্ধতা নিশ্চিতে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কর্মসূচি চালু রেখেছেন। পুলিশ কর্মকর্তাদের সবাইকে এপিএ লক্ষ্যমাত্রা অর্জনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।’

সরকারি কর্মকাণ্ডে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধি, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে সরকারি কর্মসম্পাদন ব্যবস্থাপনা পদ্ধতির আওতায় এপিএ প্রবর্তন করা হয়।

বিগত দুই বছর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আওতাধীন দপ্তরগুলোর মধ্যে পুলিশ প্রথম স্থান অর্জন করে।

আইজিপি আরও বলেন, ‘ভবিষ্যতেও সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে হবে।’

অনুষ্ঠানে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ইন্ডাস্ট্রিয়াল পুলিশ (আইপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট (টিএন্ডআইএম), এপিবিএন, পুলিশ স্টাফ কলেজ (পিএসসি), র‌্যাব, সিআইডি, এন্টি টেররিজম ইউনিট (এটিইউ), নৌপুলিশ, পিবিআই, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল (সিপিএইচ), ট্রাফিক ড্রাইভিং স্কুল (টিডিএস), ঢাকা রেঞ্জ, টুরিস্ট পুলিশসহ বিভিন্ন ইউনিটের সঙ্গে এপিএ স্বাক্ষরিত হয়।