বিপুল পরিমাণ নগদ টাকা ও খালি চেকসহ চট্টগ্রাম বন্দরের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দার সদস্যরা রবিবার সন্ধ্যায় সোনালী ব্যাংক চট্টগ্রাম বন্দর শাখা হতে তাদের আটক করেন।
তিন কর্মচারীর আটক হবার সত্যতা নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক।
আটককৃত কর্মচারীরা হলেন- মেরিন বিভাগের লস্কর মো. দেলোয়ার হোসেন (৪৮), প্রকৌশল বিভাগের খালাসী আবদুল মান্নান (৫২) ও একই বিভাগের মো. আবুল কালাম(৫২)
তাদের কাছ থেকে ২৫ লাখ ৫৮ হাজার ৪০০ টাকা নগদ, ১৬৮টি খালি চেক, ৩০টি প্রাইজবন্ড ও ১৮ লাখ টাকার তিনটি ডিপোজিট স্লিপ জব্দ করা হয়েছে। পরে তাদেরকে বন্দরের নিরাপত্তা বিভাগের কাছে হস্তান্তর করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বন্দরের একাধিক কর্মচারী জানান, আটকরা দীর্ঘদিন ধরে বন্দর কর্মচারীদের খালি চেক জমা রেখে সুদের ব্যবসা চালিয়ে আসছিলেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, আটক কর্মচারীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থা নেয়া হবে।