অজ্ঞান অবস্থায় অপহৃত যুবককে উদ্ধার

গাজীপুরে অভিযান চালিয়ে আমিনুল ইসলাম (৩৫) নামে অপহৃত এক যুবককে উদ্ধার করেছে র‌্যাব। গত রবিবার রাতে নগরীর সালনা ওভারব্রিজের উত্তরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। 

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে র‌্যাব। আমিনুলের গ্রামের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার ডিহিডওর গ্রামে।

আটকরা হলেন নগরীর দেশীপাড়া এলাকার মনিরের বাড়ির ভাড়াটিয়া মো. আমানউল্লাহ (৪৮) ও গাজীপুর সদর উপজেলার নয়নপুর এলাকার মিলনের বাড়ির ভাড়াটিয়া মো. জহিরুল ইসলাম (৩০)।

র‌্যাব-১-এর গাজীপুরের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আবদুল্লাহ আল মামুন জানান, বাসের জন্য অপেক্ষমাণ গার্মেন্টস শ্রমিক আমিনুলকে নগরীর ন্যাশনাল পার্ক এলাকা থেকে গত বৃহস্পতিবার রাতে অপহরণ করে দুর্বৃত্তরা। পরে তারা আমিনুলের পরিবারের কাছে মোবাইল ফোনে ৩ লাখ টাকা মুক্তি পণ দাবি করে। অন্যথায় তাকে খুন করার হুমকি দেয়। এ ঘটনায় তার স্বজনরা গাজীপুর সদর থানায় অভিযোগ করেন।

শনিবার বিষয়টি জানানোর পর র‌্যাব সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে সালনা বাজার এলাকা থেকে অপহরণকারী আমান ও জহিরুলকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা আমিনুলকে অপহরণে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে ঘটনার বর্ণনা দিয়েছেন বলেও জানান র‌্যাব কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন।