বিভিন্ন অনুমোদনহীন হাসপাতালের প্রতারণা থেকে বাঁচতে জনসাধারণকে সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে করোনা পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল সোমবার অধিদপ্তরের পক্ষ থেকে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়। অধিদপ্তরের কভিড-১৯ সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা, গণযোগাযোগ ও কমিউনিটি মবিলাইজেশন কমিটির যুগ্ম সদস্য সচিব ডা. মোস্তফা মঈন উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে কেউ প্রতারণা করছে মর্মে জানতে পারলে স্থানীয় স্বাস্থ্য কর্র্তৃপক্ষ, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশের বিভিন্ন অঞ্চলের অনেক বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার সরকারের অনুমোদন, উপযুক্ত কিট, যন্ত্রপাতি ও দক্ষ জনবল ছাড়াই কভিড-১৯ শনাক্তকরণ ও চিকিৎসায় প্রতারণা করছে মর্মে শোনা যাচ্ছে। বিপদগ্রস্ত মানুষ এসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সঠিক রোগ নির্ণয় ও চিকিৎসার নামে প্রতারিত হচ্ছে এবং জীবনকে হুমকির মুখে ফেলছে। এমতাবস্থায় জনসাধারণকে কেবলমাত্র সরকারি হাসপাতাল ও সরকার অনুমোদিত বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে কভিড-১৯ পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে।’
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকার ভেতরে ৪৬টি এবং ঢাকার বাইরে ৩৪টিসহ সারা দেশে মোট ৮০টি সরকারি ও বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সরকারি অনুমোদন দেওয়া হয়েছে, যারা কভিড-১৯ রোগীদের পরীক্ষা ও চিকিৎসা করতে পারবে।