গুলশানে সাহাবউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে গণস্বাস্থ্য কেন্দ্র যথাযথ আইনি ব্যবস্থা নেবে বলে জানিয়েছে ‘জিআর কভিড-১৯ র্যাপিড ডট ব্লট’ প্রকল্পের সমন্বয়কারী ডা. মুহিব উল্লাহ খোন্দকার। গতকাল সোমবার তিনি এ তথ্য জানান।
ডা. মুহিব উল্লাহ বলেন, ‘কোথাও কোনো ধরনের কিট পরীক্ষার সঙ্গে গণস্বাস্থ্যের সম্পর্ক নেই। কোথাও গণস্বাস্থ্যের কিট দিয়ে পরীক্ষা করা হচ্ছে এমন খবর পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর জন্য অনুরোধ করছি।’
গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত ‘জিআর কভিড-১৯ র্যাপিড ডট ব্লট অ্যান্টিবডি টেস্ট কিট’ এখনো সরকারের অনুমোদন পায়নি উল্লেখ করে ডা. মুহিব বলেন, ‘এই কিটের কোনো বিপণন হয়নি। শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানকে করোনা পরীক্ষার জন্য বা ট্রায়ালের জন্যও এই কিট দেওয়া হয়নি।’
গণস্বাস্থ্যের কিট দিয়ে দেশের বিভিন্ন জায়গায় করোনার পরীক্ষা করা হচ্ছে বলে যে খবর বেরিয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করে ডা. মুহিব উল্লাহ বলেন, ‘আমরা মনে করছি, করোনার মহাদুর্যোগে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবনীর বিরুদ্ধে ষড়যন্ত্র। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।’ গণস্বাস্থ্য সরকারের অ্যান্টিবডি টেস্ট এবং কিটসংক্রান্ত সব ধরনের নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল বলে উল্লেখ করেন ড. মুহিব।