ঈদুল আজহায় কোরবানির পশুর বেচাকেনায় নগদ টাকার চাহিদা বাড়বে। বাজারে নগদ অর্থের সরবরাহ স্বাভাবিক রাখতে ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানিয়েছে, বছরের সব সময়ই নতুন নোট ছাপানো হয়। তবে ঈদের আগে নতুন নোটের চাহিদা বেশি থাকায় ছাপানোর পরিমাণও বাড়াতে হয়। কোরবানি দেওয়ার জন্য অনেকে পশু কিনবে। এতে নগদ টাকার লেনদেন বাড়বে। বিষয়টি মাথায় রেখে নতুন নোট ছাড়া হচ্ছে। এবার নতুন মুদ্রার মধ্যে রয়েছে ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট। কোরবানিতে পশু কেনাবেচায় বড় অঙ্কের লেনদেন বেশি হয়। তাই এবার ৫০০ ও ১০০০ টাকার নোট বেশি ছাড়া হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, চাহিদা-সরবরাহ নীতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক সারা বছর বাজারে নোট সরবরাহ করে। তবে ঈদের আগে চাহিদা বেশি থাকে বলে এ সময় বেশি নতুন নোট ছাড়া হয়। কোরবানির কারণে স্বাভাবিক সময়ের চেয়ে নগদ টাকার চাহিদা বেশি হবে। এটা বিবেচনায় নিয়ে এবার ২৫ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়ার প্রস্তুতি রাখা হয়েছে।
এছাড়া জালকরণ রোধে রং পরিবর্তনশীল হলোগ্রাফিযুক্ত ১০০০ টাকার নোট প্রচলন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন নোটটি ইস্যু করা হয়েছে। পরে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য অফিস থেকে এটি ইস্যু করা হবে।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সর্বোচ্চ মূল্যমানের ব্যাংক নোট বিবেচনায় ১০০০ টাকা মূল্যমান নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য অধিকতর সুদৃঢ় করা এবং নোট জালকরণ প্রতিরোধ করার লক্ষ্যে রং পরিবর্তনশীল হলোগ্রাফিক নিরাপত্তা সুতা সংযোজনপূর্বক বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত বিদ্যমান ডিজাইনে গভর্নর ফজলে কবির স্বাক্ষরিত ১৬০ মিলিমিটার (দৈর্ঘ্য) ও ৭০ মিলিমিটার (প্রস্থ) পরিমাপের নতুন নোট মুদ্রণ করা হয়েছে।