সোনাগাজীতে অস্ত্রসহ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

ফেনীর সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক সাইদ আনোয়ারকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গত রবিবার রাতে তাকে পৌরসভার জিরো পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয় বলে এক বিজ্ঞপ্তিতে জানান র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত অধিনায়ক নুরুজ্জামান। তিনি বলেন, গ্রেপ্তারের সময় সাইদ আনোয়ারের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে শামিম হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

সাইদ আনোয়ার সোনাগাজী উপজেলার আমিরবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের তিনবাড়িয়া এলাকার বাসিন্দা। আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় ক্ষমতাসীন দলের দুপক্ষের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধ চলে আসছে। এলাকায় একপক্ষের নেতৃত্ব দেন সাইদ আনোয়ার।

তবে তার পরিবার ও প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানায়, রাত সাড়ে ৯টার দিকে সাইদ আনোয়ার আমতলায় দোকানে বসেছিলেন। কিছুক্ষণ পর র‌্যাব এসে তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। সোনাগাজী মডেল থানার ওসি সাজেদুল ইসলাম জানান, র‌্যাব সাইদ আনোয়ারকে থানায় হস্তান্তর করেছে।