মাদারীপুরে একদিনে সদর উপজেলার ৫টি এলাকায় স্বাস্থ্যবিধি না মানায় ও সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় ৪৭টি মামলাসহ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসন।
যারা মাস্ক ছাড়া চলাফেরা করছিল তাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনতার জন্য মাস্ক বিতরণ করা হয়। সোমবার বিকেল থেকে রাত পর্যন্ত এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
জেলা প্রশাসন থেকে জানা যায়, মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুনের নির্দেশে মাদারীপুর সদর উপজেলার ৫টি এলাকায় একই সময় একইদিন বিভিন্ন বাজারের দোকানে স্বাস্থ্যবিধি না মেনে ক্রয়-বিক্রয় করা, রাস্তাঘাটে মাস্ক ছাড়া জড়ো হয়ে চলাফেরা করা এবং সরকারি নির্দেশ না মেনে সন্ধ্যা ৭টার পর দোকান খোলা রাখায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ সময় জনসচেতনতার জন্য যাদের মাস্ক ছিল না তাদের মাস্ক বিতরণ করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেক্সনো খাতুন পুরান বাজারে ১৩ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে একুশ হাজার টাকা জরিমানা করেছেন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফাতেমা জান্নাত মস্তফাপুর বাজার ও মস্তফাপুর বাসস্টান্ডে ১৪ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে মোট ৮ হাজার ৫শত টাকা জরিমানা করেন। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসেন ২০টি মামলায় ৯৪০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও চরমুগরীয়া ও কুলপদ্দীতে দুই জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণ-সচেনতায় এলাকায় মাস্ক বিতরণের কাজ করেছেন।
মাদারীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. রহিমা খাতুন মোবাইল ফোনে বলেন, আমরা চাই সকলেই নিজেই সচেতন হন। সচেতন হলে সবার জন্য ভাল। কভিড-১৯ জনিত সৃষ্ট পরিস্থিতি মোকাবেলায় জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হচ্ছে এবং যাদের মাস্ক ছিল না তাদেরকে প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে। আমাদের এই চেষ্টা চলমান থাকবে।