প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিতর্ক পিছু ছাড়ছে না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। আবারও তিনি কভিড-১৯-কে অদৃশ্য চীনা ভাইরাস আখ্যা দিয়েছেন। গত সোমবার নিজের মাস্ক পরিহিত একটি ছবি পোস্ট করে তিনি টুইটারে লিখেছেন, তার চেয়ে দেশপ্রেমিক কেউ নেই।
ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘অদৃশ্য এই চীনা ভাইরাসকে হারাতে আমাদের প্রচেষ্টায় আমরা ঐক্যবদ্ধ। অনেকেই বলে থাকেন, যখন আপনি সামাজিক দূরত্ব মানতে পারেন না তখন মাস্ক পরাটা স্বদেশপ্রেম। আমার চেয়ে দেশপ্রেমিক কেউ নেই, আমি আপনাদের প্রিয় প্রেসিডেন্ট!’
এই পোস্টের সঙ্গে ট্রাম্প নিজের যে মাস্ক পরা ছবিটি দিয়েছেন, সেটি চলতি মাসের শুরুতে ওয়াশিংটন ডিসির ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে তোলা। সে দিনই প্রথমবারের মতো মাস্ক পরে জনসম্মুখে এসেছিলেন তিনি।
করোনাভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যখন সবাইকে ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক পরার আহ্বান জানায়, তখনো ট্রাম্প এর বিরোধিতা করেছিলেন। শুরু থেকেই তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে। সম্প্রতি গবেষকরা জানান যে, কভিড-১৯ ভাইরাসটি বাতাসে এক ঘণ্টারও বেশি সময় কার্যকর থাকে, তখন আবার মাস্ক পরার বিষয়টি সামনে আসে। আর এবারও যথারীতি ট্রাম্প বলেন যে, তিনি তার দেশের জনগণকে বাধ্যতামূলকভাবে মুখে মাস্ক পরতে বলতে পারেন না। কারণ হিসেবে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বাধীন বলে মন্তব্য করেন।