করোনায় সংসদবিষয়ক বিভাগ সচিব নরেন দাসের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস। গতকাল সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, জ্বর ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব নরেন দাস স্ত্রীসহ গত ৫ জুলাই রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ৭ জুলাই সেখানে তাদের করোনা পরীক্ষা করা হয়। পরীক্ষার ফল পজিটিভ আসে। এরপর থেকে সেখানেই চিকিৎসাধীন ছিলেন তারা।

এদিকে নরেন দাসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। শোকাবার্তায় আইনমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে আরও শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।