চকরিয়ায় স্ত্রী-সন্তানের মারধরে বৃদ্ধ নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় নিজের স্ত্রী ও দুই ছেলের মারধরে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলতাফ হোসেনের (৫৯) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 এদিন ভোরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের সবুজ পাড়া গ্রামে ঘটনাটি ঘটে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই গ্রামের বৃদ্ধ আলতাফ হোসেনকে কারণে-অকারণে গত কয়েক মাস ধরে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্ত্রী ও দুই ছে্লে। প্রায় সময় ঝগড়া লেগেই থাকতো ওই বৃদ্ধের পরিবারে। আজ ভোরেও ঝগড়ার একপর্যায়ে স্ত্রী সবুরা খাতুন (৪৮) ও দুই ছেলে শেকাব উদ্দিন (২২) ও মামুন (১৮) মিলে বৃদ্ধ আলতাফ হোসেনকে ব্যাপক মারধর করে। মারধরের একপর্যায়ে বৃদ্ধ মৃত্যুর কোলে ঢলে পড়েন। বৃদ্ধের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। 

অপরদিকে বৃদ্ধ নিহতের খবর পেয়ে স্থানীয়রা পুলিশকে অবহিত করে। সকালে চকরিয়া থানার একদল পুলিশ এসে বৃদ্ধের লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে। এ সময় আটক করা হয় বৃদ্ধের স্ত্রী সবুরা খাতুন ও তার ছেলে মামুনকে। অন্য ছেলে শেকাব উদ্দিন ঘটনার পর পরই পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে আটক করতে পারেনি। 

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান জানান, খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

ওসি জানান, নিহত বৃদ্ধের স্ত্রী ও এক ছেলেকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।