জামালপুরে বন্যা দুর্গতদের জেলা প্রশাসনের রুটি বিতরণ

জামালপুরে আবারও যমুনার পানি বাড়তে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির অবনতির শঙ্কা দেখা দিয়েছে। বুধবার বিকেলে বাহাদুরাবাদ পয়েন্টে যমুনার পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে।

সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের শুয়াকৈরে ঝিনাই নদীর ওপর ২০০ মিটার ব্রিজের দেবে যাওয়া দুটি গার্ডার ও স্প্যানসহ ৪০ মিটার পানির তোড়ে নদীতে বিলীন হয়ে ১৫ টি গ্রামের সঙ্গে উপজেলা সদরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের জন্য বুধবার দুপুরে থেকে জামালপুর সার্কিট হাউসে শুরু করা হয়েছে রুটি তৈরি কার্যক্রম। তবে দুর্গত অনেক এলাকায় এখনো রয়েছে ত্রাণ না পাওয়ার অভিযোগ।

জেলা প্রশাসক মো. এনামুল হক জানান, যেসব এলাকায় রান্না করে খাওয়ার সমস্যা সেসব এলাকায় শুকনো ও রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসেবে বন্যা দুর্গতদের জন্য প্রতিদিন ৪ হাজার রুটি তৈরির লক্ষ্যমাত্রা নিয়ে রুটি তৈরি ও বিতরণ কার্যক্রম শুরু করা হয়েছে।