করোনাভাইরাস মহামারীর মধ্যে কৃষি খাতে সাফল্য ধরে রাখতে এ খাতে আরও বেশি ঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার ২০২০-২১ অর্থবছরের জন্য ২৬ হাজার ২৯২ কোটি টাকা কৃষিঋণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা আগের অর্থবছরের চেয়ে ৯ শতাংশ বেশি। গতকাল নতুন অর্থবছরের জন্য যে কৃষি ও পল্লীঋণ নীতিমালা ও কর্মসূচি ঘোষণা করা হয়েছে তাতে এই লক্ষ্য ধরা হয়েছে। ২০২০-২১ অর্থবছরের কৃষি ও পল্লীঋণ নীতিমালা ও কর্মসূচিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারীর আর্থিক সংকট মোকাবিলায় এবং সরকারের কৃষি ও কৃষকবান্ধব নীতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়নের নির্ধারিত লক্ষ্যের প্রথম ও প্রধান তিনটি লক্ষ্য দারিদ্র্য বিমোচন, ক্ষুধামুক্তি এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নের উদ্দেশ্যে পল্লী অঞ্চলে ব্যাপক হারে কৃষিঋণ প্রবাহ বাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
কৃষি ও পল্লীঋণের ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় ২০২০-২১ অর্থবছরে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর জন্য ১১ হাজার ৪৫ কোটি টাকা এবং বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোর জন্য ১৫ হাজার ২৪৭ কোটি টাকা কৃষি ও পল্লীঋণ বিতরণের লক্ষ্য ঠিক করা হয়েছে।
২০১৯-২০ অর্থবছরে ব্যাংকগুলো মোট ২২ হাজার ৭৪৯ কোটি টাকা কৃষি ও পল্লীঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৯৪ দশমিক ৩ শতাংশ। গত অর্থবছরে কৃষিঋণ বিতরণের লক্ষ্য ছিল ২৪ হাজার ১২৪ কোটি টাকা।
২০১৯-২০ অর্থবছরে মোট ৩০ লাখ ৬৬ হাজার ৭৮৬ জন কৃষি ও পল্লীঋণ পেয়েছেন। এর মধ্যে ব্যাংকগুলোর নিজস্ব নেটওয়ার্ক ও এমএফআই লিংকেজের মাধ্যমে ১৫ লাখ ১৪ হাজার ৩৬৭ নারী ৮ হাজার ৩৬০ কোটি টাকা ঋণ পেয়েছেন।
চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্যাংকগুলো পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় ১৭২ কোটি টাকা এবং সুদ-ক্ষতি সুবিধার আওতায় শস্য ও ফসল খাতে ২৮৬ কোটি ২৭ লাখ টাকা বিতরণ করেছে।