প্রকৌশলীকে মারধর ঘটনায় চাঁদপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত

চাঁদপুরে প্রকৌশলীকে মারধরের ঘটনায় বরখাস্ত হয়েছেন কচুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাজাহান শিশির। তার স্থলে প্যানেল চেয়ারম্যান সুলতানা খানমকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

চাঁদপুরের জেলা প্রশাসক কার্যালয়ে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মেহেদি হাসান জানান, চেয়ারম্যানের বরখাস্ত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন আমরা পেয়েছি। তার স্থলে প্যানেল চেয়ারম্যান-১ কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত রোববার কচুয়া উপজেলার শহীদ স্মৃতি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজ পরিদর্শনে যান শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. নূর আলম। এই সময় চেয়ারম্যান শাজাহান শিশির লোকজন নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রকৌশলীকে মারধর করে।

এই ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী মো. নুর আলম বাদী হয়ে চেয়ারম্যান শাহজাহান শিশিরকে প্রধান আসামি করে ৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতসহ ১৮ জনের বিরুদ্ধে কচুয়া থানায় মামলা দায়ের করেন।

প্রকৌশলী মো. নুর আলম বলেন, আমি ন্যায় বিচার চাই। আমাকে মারধর করা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও অবহিত করা হয়েছে।