বিএনপির দল পুনর্গঠন

‘হোমওয়ার্ক’ করছেন নেতারা

করোনাভাইরাসের কারণে আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক ও পুনর্গঠন কার্যক্রম বন্ধ থাকলেও অপূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে হোমওয়ার্ক করছেন বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন দলটির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে মাঠপর্যায়ে রাজনৈতিক কার্যক্রম বন্ধ থাকলেও ভার্চুয়ালি সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলাপ করে পুনর্গঠনের কাজ চলছে। বিশেষ করে যেসব ইউনিটের কাজ অল্প কিছু বাকি রয়েছে সেগুলো আগে করা হচ্ছে। যাতে সাংগঠনিক কার্যক্রম চালু হলে দ্রæতই এসব কমিটি ঘোষণা করা যায়।’

গত ১৮ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভার্চুয়ালি দলের স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে মতামত তুলে ধরেন সদস্যরা। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সবার বক্তব্য শুনে তারেক রহমান কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের তাগিদ দেন। এরপর থেকে বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর পুনর্গঠন কাজ অনানুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন গতকাল বৃহস্পতিবার দেশ রূপান্তরকে বলেন, ‘আমাদের দলের গঠনতন্ত্রেই রয়েছে প্রতিটি পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের কথা। অনেক সময় নানা কারণে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা যায় না। তাই আগামীতে যাতে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করা যায় তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া কমিটিতে ৩৩ ভাগ নারী কোটা পূরণ করার বিষয়েও আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে আনুষ্ঠানিকভাবে দলের সাংগঠনিক ও পুনর্গঠন কাজ করা যাচ্ছে না। তাই দল পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা তাদের অধীন জেলা ও বিভিন্ন ইউনিটের অসম্পূর্ণ কমিটি গঠন কাজ নিয়ে হোমওয়ার্ক করছেন। আমরা নিজেরা বাসায় থাকলেও বসে নেই, হোমওয়ার্ক করছি। নিজেদের কাজ করার পাশাপাশি নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি।’

সর্বশেষ গত ১৬ জুলাই দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনা সংক্রমণের কারণে বিএনপির সাংগঠনিক ও পুনর্গঠন কাজ আগামী ১৫ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে। ১৬ আগস্ট থেকে সীমিত পরিসরে ভার্চুয়ালি দলের সাংগঠনিক ও পুনর্গঠন কাজ শুরু হবে। রিজভী গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘মাঠপর্যায়ের রাজনীতি বন্ধ থাকলেও করোনাভাইরাস সংক্রমণের মধ্যে সীমিত সামর্থ্যরে মধ্যে যতটুকু সম্ভব জনগণকে সহযোগিতা করে যাচ্ছে বিএনপি। এছাড়া প্রায় নিয়মিত দলের নীতিনির্ধারকরা বৈঠক করছেন। বিভিন্ন ইস্যুতে দলের বক্তব্য ভার্চুয়ালি সংবাদ সম্মেলনের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। গতকালও বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের বক্তব্য তুলে ধরেছেন।’

চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবে রহমান শামীম বলেন, তার বিভাগের দুটি জেলার কমিটি গঠনের কাজ বাকি আছে। বাকিগুলোর কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শাহীন শওকত বলেন, তার বিভাগে ৯টি ইউনিটের মধ্যে ৭টির কমিটি গঠনের কাজ শেষ হয়েছে। এখন রাজশাহী মহানগর ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটি গঠনের কাজ কিছুটা বাকি আছে। এগুলোর হোমওয়ার্ক চলছে।

এদিকে যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু গতকাল দেশ রূপান্তরকে বলেন, যুবদলের কেন্দ্রীয় সংসদের অসম্পূর্ণ কমিটি পূর্ণাঙ্গ করার কাজ তারা করছেন। রাজনীতি চালু হলে যেন কমিটি ঘোষণা করা যায়। সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মোরতাজুল করিম বাদরু বলেন, যুবদলের অসম্পূর্ণ কমিটি গঠনের কাজ চলছে। যেহেতু করোনাভাইরাসের কারণে কোনো সভা করা যাচ্ছে না সেহেতু ভার্চুয়ালি কথা বলে কমিটি গঠনের কাজ করা হচ্ছে। শিগগিরই বাকি পদগুলোতে পদায়ন করা হবে।

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন দেশ রূপান্তরকে বলেন, সারা দেশে ছাত্রদলের সব ইউনিটের কমিটি গঠনের জন্য ১০টি বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। তারা সারা দেশ ঘুরে ছাত্রদলের সাংগঠনিক অবস্থার খোঁজখবর নিচ্ছে। রিপোর্ট তৈরি করছে। এগুলো পর্যালোচনা করা হবে। এছাড়া ঢাকা মহানগরের চারটি ইউনিটের নেতারা তাদের নিজ নিজ ইউনিটের কমিটি গঠনের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেষ হলে তা অনুমোদন দেওয়া হবে।

ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুর রহমান রাকিব বলেন, ‘সূর্য সেন হল কমিটি ছাড়া সব হলের কমিটি গঠন করা হয়েছে।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু দেশ রূপান্তরকে বলেন, স্বেচ্ছাসেবক দল তাদের অসম্পূর্ণ ইউনিটগুলোর কমিটি গঠনের জন্য হোমওয়ার্ক চলছে। গত সোমবার সংগঠনের ঢাকা মহানগর উত্তরের ৯টি থানার আহŸায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিন ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ এসব কমিটি অনুমোদন করেছেন।