সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটিতে বিচারকার্য পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে ১২টি ভার্চুয়াল বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ রোধকল্পে এবং শারীরিক উপস্থিতি ব্যতিরেকে ২৬ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত অবকাশের সময় ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আদালত কর্র্তৃক তথ্য-প্রযুক্তি ব্যবহার আইন, ২০২০ এবং সুপ্রিম কোর্ট কর্র্তৃক জারিকৃত প্র্যাকটিস ডাইরেকশন অনুসরণ করে তথ্য-প্রযুক্তি ব্যবহার করে শুধু ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকার্য পরিচালনার জন্য প্রধান বিচারপতি বেঞ্চসমূহ গঠন করেছেন।
যে ১২টি বেঞ্চ গঠন করা হয়েছে সেগুলো হলো বিচারপতি তারিক উল হাকিম, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ, বিচারপতি মো. রইস উদ্দিন, বিচারপতি এ কে এম আব্দুল হাকিম, বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি শেখ হাসান আরিফ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস, বিচারপতি ফরিদ আহমেদ, বিচারপতি সহিদুল করিম এবং বিচারপতি এস এম কুদ্দুস জামান।