মহম্মদপুরের আ.লীগ নেতার নামে আরও এক মামলা

মাগুরার মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফা সিদ্দিকী লিটনের নামে আরও একটি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার পানিঘাটা গ্রামের মোহাম্মদ বাবর আলী (৫০) নামে এক ভুক্তভোগী ১৫ জনকে আসামি করে মহম্মদপুর থানায় মামলাটি করেন।

এর আগে লিটনের নামে ২০ জুলাই এক স্কুলছাত্রীর পরিবারকে অবৈধভাবে জরিমানা করা ও জরিমানার টাকা না দেওয়ায় মালামাল লুট করার অভিযোগে একটি মামলা হয়।

গতকাল করা মামলার বাদী তার অভিযোগে উল্লেখ করেন, নির্বাচনে ভোট না দেওয়া এবং অন্যান্য সামাজিক দলাদলি নিয়ে ২০১৯ সালের ২ জানুয়ারি সকালে আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়ি এসে চাঁদা দাবি ও ভাঙচুর করে।