রায়গঞ্জে করোনায় কৃষক লীগ নেতার মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পুল্লাহ গ্রামের জিল্লুর রহমান (৬৫) মারা যান। তিনি ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, কয়েক দিন আগে জিল্লুর রহমানসহ তার পরিবারের ছয়জনের নমুনা তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ১৯ জুলাই নমুনা পরীক্ষার প্রতিবেদনে সবারই পজিটিভ আসে। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তারা সবাই বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। গতরাতে জিল্লুর রহমান মারা যান।

রায়গঞ্জ উপজেলার ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. শাহিন সরকার জানান, আজ শুক্রবার বেলা ১১টার দিকে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা দাফন-কাফন কমিটির তত্ত্বাবধানে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে জিল্লুর রহমানের লাশ দাফন করা হয়।