সিচুয়ান প্রদেশের চেংডুতে যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের নির্দেশ দিয়েছে চীন। যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টনে চীনের কনস্যুলেট বন্ধের ‘প্রতিশোধ’ হিসেবে এবার এই পদক্ষেপ নিল চীন। গতকাল শুক্রবার এক বিবৃতিতে চীন বলেছে, যুক্তরাষ্ট্রকে উচিত জবাব দিতে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
গত মঙ্গলবার হিউস্টনে চীনা কনস্যুলেট বন্ধের জন্য ৭২ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়। গতকাল ছিল সেই সময়ের শেষ দিন। আর সেই দিনই যুক্তরাষ্ট্রের কনস্যুলেট বন্ধের আদেশ জারি করল চীন। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্র বিনা কারণে যে সিদ্ধান্ত নিয়েছে, চীনের দেওয়া এই নির্দেশনার মাধ্যমে সেটির ন্যায়সঙ্গত ও যথার্থ জবাব দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতির জন্য যুক্তরাষ্ট্রই দায়ী।