দিল্লির আইসোলেশন সেন্টারে যৌন নিপীড়নের শিকার কিশোরী

ভারতের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টারে এক কিশোরীকে যৌন নিপীড়ন করার অভিযোগ উঠেছে। রাজধানী দিল্লির ওই আইসোলেশন সেন্টারে থাকা ১৪ বছরের এক কিশোরী সেখানে আইসোলেশনে থাকা আরেক তরুণের বিরুদ্ধে এই অভিযোগ করেছে। 

এ ঘটনায় অভিযুক্ত ১৯ বছরের ওই তরুণ এবং আরও এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১৫ জুলাই এ ঘটনা ঘটলেও পুলিশ বৃহস্পতিবার বিষয়টি সামনে আনে।

কিশোরীর অভিযোগ, আইসোলেশন সেন্টারের বাথরুমে অভিযুক্ত তরুণ তাকে যৌন নিপীড়ন করে এবং গ্রেপ্তার আরেক ব্যক্তি মোবাইলে এ ঘটনা ভিডিও করে।

বিবিসি জানাচ্ছে, ওই ঘটনার পর মেয়েটি তার স্বজনদের জানালে তারা কর্র্তৃপক্ষের কাছে অভিযোগ করে। পরে পুলিশ এসে ওই দুই ব্যক্তি আটক করে। পরে তাদের আদালতে উপস্থাপন করা হয়। কিন্তু করোনাভাইরাস পজিটিভ হওয়ায় তাদের এখনো অন্যদের থেকে আলাদা রাখা হচ্ছে।

ভারতে আইসোলেশন সেন্টারে যৌন নিপীড়নের ঘটনা এটিই প্রথম নয়। গত সপ্তাহে মুম্বাইয়ে এক নারী আইসোলেশন সেন্টারে কোয়ারেন্টাইনে থাকার সময় যৌন নিপীড়নের শিকার হওয়ার অভিযোগ করেছেন। এ ছাড়া বিহারের পাটনায় এক কিশোরী আইসোলেশন সেন্টারে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করলে পুলিশ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।

দিল্লির এই আইসোলেশন সেন্টারটি ১০ হাজার শয্যার। ভারতের দাবি সেন্টারটি ভারতের পাশাপাশি বিশ্বের সবচেয়ে বড় আইসোলেশন সেন্টার।