মুজিববর্ষে শতভাগ বিদ্যুৎসেবা নিশ্চিত হবে : প্রতিমন্ত্রী

মুজিববর্ষে সারা দেশে শতভাগ বিদ্যুৎসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। গতকাল শনিবার ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ঢাকার কেরানীগঞ্জের আট ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেছেন, দ্রুতগতির ইন্টারনেট সংযোগ সকল ই-সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেবে। ইন্টারনেট আজ বিশ্বকে একটি গ্রামে পরিণত করেছে। বাংলাদেশেও গ্রাম পর্যায় ইন্টারনেট পৌঁছে দেওয়ার উদ্যোগ প্রশংসনীয়। ইন্টারনেট ব্যবহার করে ব্যাংকিং সেবায় পেমেন্ট সিস্টেম সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে। ফলে সব অর্থনৈতিক কার্যক্রম ইন্টারনেটকেন্দ্রিক হবে। এজন্য প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। ৯৭ ভাগ মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। মুজিববর্ষেই শতভাগ এলাকা বিদ্যুতায়নের আওতায় আসবে।

প্রতিমন্ত্রী বলেন, কেরানীগঞ্জে হাইটেক পার্ক নির্মাণ ওই এলাকার তরুণ-তরুণীদের আরও ডিজিটালাইজড করে সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। আজ আটটি ইউনিয়নে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়া হলেও বাকি চারটি ইউনিয়নে দ্রুত সংযোগের অনুরোধ জানিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই কেরানীগঞ্জের সব প্রতিষ্ঠান ও গ্রাহক পর্যায়ে উচ্চগতির ইন্টারনেট সংযোগ দিয়ে কেরানীগঞ্জবাসীদের জন্য অনলাইন সেবা উন্মুক্ত করতে চাই।