কোরবানির চামড়া ব্যবস্থাপনা

ঈদের দিন থেকে কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়

কোরবানির চামড়া ব্যবস্থাপনায় ঈদের দিন থেকে দেশব্যাপী কাজ করবে বাণিজ্য মন্ত্রণালয়ের মনিটরিং টিম। ঈদুল আজহা উপলক্ষে কোরবানির কাঁচা চামড়া নির্ধারিত মূল্যে ক্রয়-বিক্রয়, সংগ্রহ, সংরক্ষণ, মজুদ ও চামড়ায় প্রয়োজনীয় লবণ লাগানো তদারকির জন্য একটি কমপ্রেহেন্সিভ মনিটরিং প্ল্যান গ্রহণ করেছে মন্ত্রণালয়। বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সভাপতিত্বে গতকাল শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এ তথ্য জানানো হয়। কর্মশালায় স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্য মন্ত্রণালয়ের অণুবিভাগ প্রধান, বাণিজ্য মন্ত্রণালয়াধীন বিভিন্ন দপ্তর বা সংস্থার প্রধান এবং রপ্তানি অণুবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। গতকাল বাণিজ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, চামড়ায় লাগানোর জন্য ব্যবহৃত লবণের সরবরাহ ও মূল্য পরিস্থিতি পর্যবেক্ষণসহ সাপ্লাই চেইন স্বাভাবিক রাখতে সার্বক্ষণিক তদারকি করবে বাণিজ্য মন্ত্রণালয়। সভায় বিষয়গুলো কঠোরভাবে মনিটরিংয়ের সিদ্ধান্তও হয়েছে।

কর্মশালায় টিমগুলোর রূপরেখা ও কর্মপরিধি চূড়ান্ত হয়েছে। উল্লিখিত সমন্বয় ও মনিটরিং কমিটিসমূহ স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ঈদুল আজহার দিন থেকে কার্যক্রম পরিচালনা করবে।