নতুন লেআউটের পেজ নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান ফেইসবুক। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, এই পেজে লাইক হিসাব করার ফিচার না রাখার পরিকল্পনা করছে কোম্পানিটি।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন পেজ পরীক্ষামূলকভাবে কয়েকজন সেলিব্রেটি পেয়েছেন।
ফেইসবুকের পক্ষ থেকে বলা হচ্ছে, হালনাগাদ নকশা ও ফিচারযুক্ত পেজ ব্যবহার আরও সহজ হবে, কারণ এতে জটিল বিষয়গুলো বাদ দেওয়া হয়েছে।
এখানে পেজে শুধু ‘ফলো’ বাটন ও ‘ফলোয়ার কাউন্ট’ বাটনটি থাকবে। এতে পেজের সত্যিকারের রিচ বোঝা যাবে।
অনেক মানুষ বিভিন্ন পেজে লাইক দিয়ে রাখেন বছরের পর বছর ধরে। কিন্তু নিউজ ফিড থেকে এগুলো আনফলো করে রাখেন। কারণ, এতে তাদের আর আগ্রহ থাকে না। অনেক সময় পেজ লাইকের অনুরোধে কেবল তিনি তাতে লাইক দিয়ে রাখেন, কিন্তু কোনো পোস্ট দেখেন না। অর্থাৎ পেজে আগ্রহীদের প্রকৃত সংখ্যা বোঝা যায় না।
নতুন হালনাগাদ আসলে পেজ ব্যবস্থাপকেরা চাইলে ফলোয়ারদের নিউজ ফিডে গিয়ে যুক্ত হতে পারবেন এবং ব্যক্তিগত ফেইসবুক প্রোফাইল ও পেজের যাওয়া-আসার কাজও সহজ হবে।