বানভাসীদের খাদ্য সহায়তা নিয়ে ফরিদপুর জেলা পুলিশ

বানভাসী মানুষের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বিপিএম। দ্বিতীয় দফা বন্যায় ফরিদপুরের সাত উপজেলা প্লাবিত। দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি। অনেকেই নিজের ঘর ছেড়ে  বেড়িবাঁধ কিংবা সড়কে উঁচু স্থানে বা সরকারি আশ্রয় কেন্দ্রে উঠেছে।

এই দূর্গত মানুষের পাশে ফরিদপুর জেলা পুলিশের উদ্যোগে খাদ্য সহায়তা পৌছে দিচ্ছে পুলিশ সদস্যরা। আর এই কাজে আর্থিক সহায়তা দিচ্ছে বাহিনীটির জেলার সকল সদস্যরা। তাদের বেতনের একটি অংশ দিয়ে মানবিক এ কাজ পরিচালিত হচ্ছে।

পুলিশ সুপার আলিমুজ্জামানের এই উদ্যোগের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন পুলিশ লাইনের রিজার্ভ অফিসার মো. আনোয়ার হোসেন।

রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত জেলা সদর উপজেলার দূর্গমচরাঞ্চল নর্থচ্যানেল ইউনিয়নে কবিরপুরচর, ৩৮ দাগ এলাকায় বানভাসিদের কাছে গিয়ে খাদ্য সামগ্রী তুলে দেন পুলিশ সুপার আলীমুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম প্রমুখ।

এর আগে পুলিশ লাইনের রিজার্ভ অফিসার এস আই মো. আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল সদর উপজেলার বন্যা কবলিত নর্থচ্যানেল, ডিক্রিরচর, আলিয়াবাদসহ বিভিন্ন এলাকায় পানিবন্দি ও বেড়িবাঁধে আশ্রয় নেওয়া পরিবারের মাঝে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান এ বিষয়ে বলেন, জেলার সকল পুলিশ সদস্যেদের আর্থিক সহযোগিতা নিয়ে আমরা দুর্যোগকালে মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আমার জেলা পুলিশের সকল ভাইয়েরা স্বেচ্ছায় মানবিক এই কাজে এগিয়ে এসেছে। এ জন্য সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের এই কার্যক্রম যতোদিন দুর্যোগ চলবে ততোদিন অব্যহত থাকবে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ জানান, প্রতিদিনই বাড়ছে পদ্মার পানি। রবিবার পদ্মার পানি বিপৎসীমার ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত জেলার সাত উপজেলার সাড়ে ৫শ গ্রামে বন্যার পানি উঠেছে। দুই লক্ষাধিক মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।