কুমিল্লায় ট্রাক-লেগুনা সংঘর্ষ ভাই-বোনসহ নিহত ৪

কুমিল্লার বুড়িচংয়ে ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ভাই-বোনসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। গতকাল রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-কুমিল্লা মহাসড়কের হরিণধারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনউপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ওসমান গণি ভূঁইয়া (৩৫), তার বোন রিপা আক্তার (৪০), মুরাদনগর উপজেলার সাধনচন্দ্র সাহা (৪২) ও লেগুনার হেলপার একই উপজেলার মো. সাজিদ (২৬)।

কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহিন জানান, রবিবার সকালে সিলেটগামী লবণবাহী ট্রাকটির সঙ্গে কুমিল্লাগামী যাত্রীবাহী লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে আরও দুজন মারা যায়। এ ঘটনায় পিকআপের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপর চালকরা পালিয়ে গেলেও গাড়ি দুটি জব্দ করা হয়েছে। 

এছাড়া একই দিন সকাল থেকে বিকেল পর্যন্ত দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশু ও যুবলীগ নেতাসহ তিনজন নিহত হয়েছেন। গাইবান্ধার পলাশবাড়ীতে মাইক্রোবাস চাপায় শফিউল ইসলাম (৩৫) ও নাহিদ মিয়া (৬) নামে দুই অটোভ্যান যাত্রী নিহত হয়েছে। রবিবার সকালে ঢাকা-রংপুর মহাসড়কের মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাছাড়া এদিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কোট্টপাড়া নামক স্থানে পিকআপ চাপায় শাহজাহান আল মাহমুদ (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানি জানান, রবিবার সকালে রংপুর থেকে বগুড়াগামী একটি মাইক্রোবাস পলাশবাড়ীর মহেশপুর এলাকায় পৌঁছালে ব্যাটারিচালিত অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক শফিউল ও শিশু যাত্রী নাহিদের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় শিশুটির মা মমতা বেগম। তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এদিকে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, রবিবার বিকেল ৩টার দিকে মোটরসাইকেলে করে জেলা সদর থেকে নিজ বাড়ি ফিরছিলেন শাহজাহান। পথে সরাইলের কোট্টাপাড়া মোড় নামক স্থানে সড়কের স্পিডব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলটি হেলে পড়ে। এসময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয়।