জিজ্ঞাসাবাদের জন্য খুলনা র‌্যাব কার্যালয়ে সাহেদ

করোনা পরীক্ষার ভুয়া সনদসহ বহুমাত্রিক জালিয়াতিতে আলোচিত রিজেন্ট হাসপাতালের স্বত্বাধিকারী ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ ওরফে সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ডে খুলনায় আনা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে সাহেদকে বহনকারী গাড়ি খুলনার র‌্যাব-৬ কার্যালয়ে প্রবেশ করে। সাতক্ষীরায় তার বিরুদ্ধে দায়ের হওয়া অস্ত্র আইনের মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৬- এর অধিনায়ক লে. কর্নেল রওসোনুল ফিরোজ।

এর আগে গত ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মো. রেজাউল করিম সাতক্ষীরার ভার্চুয়াল আদালতে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২৬ জুলাই আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব কুমার রায় শুনানি শেষে সাহেদকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আত্মগোপনে থাকা সাহেদ করিম গত ১৫ জুলাই ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কমলপুর গ্রামের ইছামতি খালে নৌকায় করে ভারতে পালানোর সময় র‌্যাবের হাতে গ্রেপ্তার হন। এ সময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে সাতক্ষীরায় অস্ত্র আইনে মামলা করে র‌্যাব।

মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-৬ সিপিসি-১-এর এসআই মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে বলেন, ‘সাহেদ করিমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা থেকে খুলনায় আনা হয়েছে। মামলায় জব্দ অস্ত্র ও গুলির তথ্য জানাসহ নানা বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’